কানাডার স্বপ্নরথ থামিয়ে কোপা ফাইনালে মেসির আর্জেন্টিনা


 ফাইনালে ওঠার আনন্দে আর্জেন্টিনা ফুটবলাররা

কানাডার কোপা আমেরিকা কাপের ফাইনালে খেলার স্বপ্নই থেকে গেল। প্রথমবারের মতো সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে উঠেছিল কানাডা। কিন্তু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অঘটন কিছুই ঘটেনি। আর্জেন্টিনা খেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। লিওনেল মেসিরা প্রমাণ করেছেন যে কানাডা সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ। একপেশে লড়াইয়ে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল।

এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের উচ্চ মানের ফুটবল খেলার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং ফাইনালের পথে এগিয়ে গেছে। অন্যদিকে, কানাডার জন্য এটি একটি বড় শিক্ষা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির একটি সুযোগ।



ম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় কানাডা। শ্যাফেলবার্গের বাঁ পায়ের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৮ মিনিটের মাথায় সেই শ্যাফেলবার্গই আবার একই পজিশনে বল পেলে সেটিও বাইরে মারেন।


আর্জেন্টিনা প্রথম আক্রমণের সুযোগ পায় ১২ মিনিটের মাথায়। ডি-বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বাঁ পায়ের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।

টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যান সিটির তারকা জুলিয়ান আলভারেজের পা থেকে। সেমিফাইনালেও সেই আলভারেজই ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেন। ২২ মিনিটে তার দেওয়া গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের ডিফেন্স চেরা পাস থেকে লক্ষ্যভেদ করেন আলভারেজ।

এরপর আর্জেন্টিনা আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পায়।


প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি-বক্সের ভেতর সুযোগ পায় কানাডা। জটলা থেকে নেওয়া আলফনসো ডেভিসের শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে খেলা শুরু করে আর্জেন্টিনা, যার ফলে গোল করতেও বেশি দেরি হয়নি তাদের। ৫১ মিনিটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের জোরালো শট মেসির বাঁপায়ে লেগে কানাডার জালে জড়িয়ে যায়।


এই অর্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা চালিয়েছে কানাডা। প্রথমার্ধে রক্ষণাত্মক খেলার চেষ্টা করলেও পরে তারা আক্রমণে গিয়েছে। তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, এবং তারা আর গোল করতে পারেনি। এভাবেই ২-০ ব্যবধানে আর্জেন্টিনা ফাইনালে ওঠে।



Comments

Post a Comment